আইন অমান্য আন্দোলন পর্বে নারী আন্দোলন:-
ভূমিকা:- জাতীয় কংগ্রেস ১৯৩০ খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আইন অমান্য আন্দোলন শুরু করার সিদ্ধান্ত নেয়। গান্ধিজির ডাকে দেশের নারী সমাজ সক্রিয়ভাবে এই আন্দোলনে অংশ নেয়।
[1] আন্দোলনের সূচনা:- গান্ধিজি ৭৮ জন অনুগামী নিয়ে ১২ মার্চ (১৯৩০ খ্রি.) গুজরাটের সবরমতী আশ্রম থেকে সমুদ্র উপকূলবর্তী ডান্ডির উদ্দেশ্যে যাত্রা করেন। ৫ এপ্রিল তারা ডান্ডিতে সমুদ্রের জল থেকে লবণ তৈরি করে সরকারের লবণ আইন ভঙ্গ করেন। এই ডান্ডি অভিযান ও লবণ আইন ভঙ্গ আন্দোলনে বহু নারীও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
[2] আন্দোলনের কর্মসূচি:- গান্ধিজির ডাকে সারা ভারতে হাজার হাজার নারী সভা-সমাবেশ ও মিছিলে অংশ নিয়ে বিদেশি পণ্য ব্যবহার বন্ধ করেন। তাঁরা বিদেশি পণ্যের দোকানের সামনে পিকেটিং করেন, সরকারি স্কুলকলেজ, অফিস-আদালত ত্যাগ করেন, সরকারকে রাজস্ব দেওয়া বন্ধ করেন। এইভাবে তাঁরা আন্দোলনকে শক্তিশালী করে তোলেন।
[3 ] আন্দোলনের প্রসার:- কলকাতা, দিল্লি, বোম্বাই, এলাহাবাদ, লখনউ, লাহোর প্রভৃতি শহরে অসংখ্য নারী আইন অমান্য আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন। কমলাদেবী চট্টোপাধ্যায়, অবন্তিকা বাঈ গোখেল প্রমুখের নেতৃত্বে অসংখ্য নারী লবণ আইন ভঙ্গ করেন। দিল্লিতে ১৬০০ জন নারী কারাবরণ করেন। কলকাতায় নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয় এবং পাঞ্জাবে রাজকুমারী অমৃত কাউর আইন অমান্য আন্দোলনকে শক্তিশালী করেন।
[4] বাংলায় নারীদের ভূমিকা:- বাংলার নারীরা আইন অমান্য আন্দোলনের অগ্রভাগে ছিল। মেদিনীপুর জেলার ঘাটাল, কাঁথি, তমলুক প্রভৃতি স্থানের নারীরা পুলিশি নির্যাতন উপেক্ষা করে সরকারের লবণ আইন ভঙ্গ করেন। আইন অমান্য আন্দোলনকালে প্রীতিলতা ওয়াদ্দেদার, কল্পনা দত্ত, সুহাসিনী গাঙ্গুলি প্রমুখ নারী সশস্ত্র বিপ্লবী কার্যকলাপ চালান।
[5] নেতৃত্বদান:- জাতীয় স্তরে আইন অমান্য আন্দোলনে নেতৃত্বদানকারী নারীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন কস্তুরবা গান্ধি, কমলা নেহরু, সরোজিনী নাইডু, বাসন্তী দেবী, উর্মিলা দেবী, সরলাবালা দেবী, নেলী সেনগুপ্তা, লীলা নাগ (রায়) প্রমুখ।
উপসংহার:- ভারতের নারী সমাজ ব্যাপকভাবে আইন অমান্য আন্দোলনে অংশগ্রহণ করে। এজন্য কেউ কেউ আইন অমান্য আন্দোলনকে ভারতের নারীমুক্তি আন্দোলনের প্রথম ধাপ বলে উল্লেখ করেছেন। এই আন্দোলনে নারীদের সক্রিয় অংশগ্রহণের প্রেক্ষাপটে মহাত্মা গান্ধি তাঁর ‘ইয়ং ইন্ডিয়া’ পত্রিকায় লেখেন-নারীদের দুর্বল ভাবা মূর্খামি।
ক্লিক করুন দশম শ্রেণির ইতিহাস এর সমস্ত অধ্যায় অনুযায়ী তার সব প্রশ্নের উত্তর